
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর খিলক্ষেত লেক সিটির এ অ্যান্ড এএমএস গ্রাউন্ডে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খিলক্ষেতের মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে নোয়াখালী শহর শাখাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদী জেলা শাখা।
‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ১৩৮টি শাখার অংশগ্রহণে গত ১৫ জুন এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টের সেমিফাইনালে নোয়াখালী শহর শাখা প্রতিদ্বন্দ্বিতা করে দিনাজপুর শহর শাখার বিরুদ্ধে। অন্যদিকে নরসিংদী জেলা শাখা মুখোমুখি হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার। সেমিফাইনালের বাধা পেরিয়ে নোয়াখালী ও নরসিংদী দল দুটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ফাইনালে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া উভয় দলের খেলোয়াড়দের মেডেল ও ট্রফি প্রদান করা হয়েছে।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্রশিবির যেসব কর্মসূচি হাতে নিয়েছিল, সেগুলোর মূল লক্ষ্য ছিল জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা। বিগত ১৫ বছর ধরে যারা ক্ষমতা কুক্ষিগত করে লুটপাট, গুম, খুন ও আয়নাঘর তৈরি করেছিল, সেই ফ্যাসিবাদের দোসরদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করাই ছিল অন্যতম দাবি।
শিবির সভাপতি আরও অভিযোগ করেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করা আমাদের দাবি থাকলেও সরকার জনগণের সেই রায়ের সঙ্গে স্পষ্ট বেঈমানি করছে। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বললেও তারা আসলে কোন অক্ষরের কথা বলছে, তা জনগণের কাছে স্পষ্ট নয়। বরং জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রশাসনের প্রতিটি স্তরে নিজেদের দলীয় লোক নিয়োগের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা চালানো হচ্ছে।
কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় এই সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের নেতৃবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বশীলরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২