
ভারতের ক্রীড়ামহলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন প্রথম সারির ফুটবলার বাইচুং ভুটিয়া। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের একটি হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে এই ম্যাচ আয়োজনের জন্য ফিফা-স্বীকৃত প্রথম আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুটিয়া।
এক সাক্ষাৎকারে ভুটিয়া বলেন, ব্রাজিল যদি ভারতে একটি ফ্রি ফ্রেন্ডলি ম্যাচ খেলত, তবে তাতে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু দেশের ক্লাব ফুটবল যখন চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে একটি প্রীতি ম্যাচের জন্য প্রায় ৫০ থেকে ৭০ কোটি রুপি ব্যয় করাকে তিনি পুরোপুরি অযৌক্তিক ও অনুচিত সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি ফেডারেশনের বর্তমান নেতৃত্বকে ‘ভুল অগ্রাধিকার’ নির্ধারণের দায়ে অভিযুক্ত করেছেন।
ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের নাম উল্লেখ করে ভুটিয়া অভিযোগ করেন যে, বর্তমান নেতৃত্ব সরকার ও দেশের ফুটবল-সংশ্লিষ্ট সকলকে ভুল পথে চালিত করছে। তিনি প্রশ্ন তোলেন, যখন একে একে আইএসএল ক্লাবগুলো বন্ধের মুখে পড়ছে এবং আই লিগ-এর দলগুলো এন্ট্রি ফি জোগাতে পারছে না, তখন এই বিপুল অর্থ খরচের কারণ কী? বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা এবং সরকারের হস্তক্ষেপে সম্প্রতি সংক্ষিপ্ত পরিসরে ঘরোয়া ফুটবল শুরু হলেও আর্থিক সংকট কমেনি। যার অন্যতম উদাহরণ হিসেবে তিনি জামশেদপুর এফসি থেকে টাটা স্টিলের সরে দাঁড়ানো এবং ১-২০০ রুপির বিনিময়ে চার্চিল ব্রাদার্সের কাছে ক্লাবের মালিকানা হস্তান্তরের কথা উল্লেখ করেন।
ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলার প্রস্তাব পেয়েছিল ভারত। ভুটিয়ার মতে, থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে টুর্নামেন্ট খেলা ভারতের জন্য বড় মাপের প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা হতে পারত। তিনি বর্তমান পরিস্থিতিতে দেশে স্থায়ী পরিকাঠামো গঠনের ওপর জোর দেওয়ার তাগিদ জানান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে যোগ্যতা অর্জনকারী ইস্টবেঙ্গলের দৃষ্টান্ত তুলে ধরে ভুটিয়া বলেন, ইস্টবেঙ্গল ভালো পারফর্ম করলেও স্পনসর জটিলতায় ভুগছে। রাজ্য সরকার বা স্থানীয় স্তরে যদি ১০-২০ কোটি রুপি সাহায্য করা যেত, তবে তারা চ্যাম্পিয়ন্স লিগে আরও ভালো দল নিয়ে নামতে পারত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২