
২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৮ মাসের মতো সময় বাকি। এমন সময়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই আকস্মিক পরিবর্তনের কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।
আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বিশ্বকাপে ‘সুপার সিরিজ’ নামে নতুন একটি পর্ব চালু করা হবে। এই ফরম্যাটে র্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম দলগুলো একে অপরের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে, যেখানে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে।
এই নতুন কাঠামোর বিরোধিতা করে যৌথ বিবৃতি দিয়েছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। তারা জানিয়েছে, এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা এবং বিশ্বজুড়ে ক্রিকেটের যে অগ্রগতি হয়েছে, তা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। যখন ক্রিকেট তার পরিধি বৃদ্ধি, নতুন দর্শক টানা এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে শক্তিশালী অবস্থান গড়ার চেষ্টা করছে, তখন সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়াকে তারা ভুল বার্তা হিসেবে অভিহিত করেছে।
বিবৃতিতে গভীর উদ্বেগের কথা জানিয়ে তারা আরও বলেছে, আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে বিশ্ব ক্রিকেট উন্নয়নে তারা গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আইসিসির এই ধরনের পরিবর্তন নিয়ে তাদের গভীর সংশয় রয়েছে। টুর্নামেন্ট শুরুর ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে বাছাই প্রক্রিয়ার মাঝে কাঠামো পরিবর্তন করাটা চরম অনিশ্চয়তা তৈরি করেছে। তাদের মতে, এটি সীমিত সম্পদের ওপর চলা সংস্থাগুলোর জন্য অতিরিক্ত পরিচালনাগত ও আর্থিক চাপ সৃষ্টি করবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত আলোচনার প্রয়োজন ছিল বলেও তারা উল্লেখ করেছে।
উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২