
ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা রিয়েল এস্টেট খাতে আবারও বড় বিনিয়োগ করেছেন। মুম্বাইয়ের ভারসোভা এলাকায় একটি বিলাসবহুল আবাসনে তারা নতুন একটি ফ্ল্যাট কিনেছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাটটির মূল্য প্রায় ১৮ কোটি ২৯ লাখ রুপি। বহুতল ভবনের ওপরের দিকের একটি তলায় অবস্থিত এই ফ্ল্যাটটির আয়তন ২ হাজার ৬৪৪ বর্গফুট। এর সঙ্গে অতিরিক্ত ৩১৬ বর্গফুট ব্যবহারযোগ্য জায়গা এবং তিনটি গাড়ি রাখার জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধাও রয়েছে।
রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে এই তারকা দম্পতির দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। এর আগে ২০১৬ সালে মুম্বাইয়ের ওরলি এলাকার সমুদ্রঘেঁষা একটি আবাসনের ৩৫তম তলায় ৭ হাজার ১৭১ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট প্রায় ৩৪ কোটি রুপিতে বুক করেছিলেন বিরাট। তবে চার শয়নকক্ষের সেই ফ্ল্যাটের বুকিং পরবর্তীতে বাতিল হয়ে যাওয়ায় চুক্তিটি আর বাস্তবায়িত হয়নি।
নতুন এই ফ্ল্যাটটি ছাড়াও মুম্বাই, গুরুগ্রাম ও আলিবাগে বিরাট-আনুশকার একাধিক বিলাসবহুল বাড়ি ও জমি রয়েছে। পশ্চিম দিল্লিতে বেড়ে ওঠা বিরাটের গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১ এলাকায় প্রায় ১০ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শহরের অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি রুপি। সেখানে ব্যক্তিগত সুইমিং পুল ও আধুনিক জিমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
আলিবাগের আওয়াস সমুদ্রসৈকতের কাছে জিরাড গ্রামেও এই দম্পতির বড় বিনিয়োগ রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে তারা সেখানে পাঁচ একরের বেশি জমি কেনেন, যার মূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৮৬ লাখ রুপি। এর আগে ২০২২ সালে আলিবাগেই প্রায় আট একর জমি ১৯ কোটি রুপিতে কিনেছিলেন তারা। পরে সেখানে একটি বিলাসবহুল ভিলা নির্মাণ করেন। সেই ভিলায় তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুল, বিশেষ নকশার রান্নাঘর, চারটি বাথরুম, জাকুজি, বড় ল্যান্ডস্কেপ বাগান, ছাউনি দেওয়া পার্কিং এবং কর্মীদের থাকার জন্য আলাদা ব্যবস্থাসহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২