চোটের কারণে ‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ
- আপডেট সময় : ০৭:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ দল পেয়ে ইতিহাস গড়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে মাঠের লড়াই শুরুর আগেই তার অংশগ্রহণ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই টাইগার পেসার।
এবারের নিলামে ১ লাখ পাউন্ডের বিনিময়ে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছিল বার্মিংহ্যাম ফিনিক্স। গত ৬ই জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বোলিং করার সময় তিনি আঘাত পান। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড-১ টিয়ার’ ধরা পড়ে। পাশাপাশি তার পুরনো হাঁটু ও মেনিস্কাসের সমস্যাও নতুন করে দেখা দিয়েছে।
বিসিবি ও বার্মিংহ্যাম ফিনিক্সের সম্মিলিত মেডিকেল বিভাগের সিদ্ধান্তের পর মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া দেশেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার বিসিবিতে তার চূড়ান্ত ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেই পরীক্ষার আগেই বাঁহাতি এই পেসারের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্মিংহ্যাম কর্তৃপক্ষ। গতকাল তাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্রুতই মোস্তাফিজের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।





























