
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচের শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় চলছে। সেই উত্তপ্ত পরিস্থিতিতে আলবিসেলেস্তে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন স্পেনের ১৯ বছর বয়সী মিডফিল্ডার গাভি। তবে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এবার এক সম্পূর্ণ চমকপ্রদ মন্তব্য করেছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
বিতর্কিত সেই ঘটনার পর সবাইকে অবাক করে দিয়ে গাভি জানিয়েছেন, তিনি পারেদেসের কোনো ধরনের শাস্তি বা নিষেধাজ্ঞা চান না। খেলোয়াড়দের আচরণ শিশুদের জন্য অনুকরণীয় হওয়া উচিত বলে মনে করলেও, মাঠের এই লড়াইকে ফুটবলেরই অংশ হিসেবে দেখছেন তিনি।
পারেদেসের সম্ভাব্য ফিফা নিষেধাজ্ঞা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পারতিদাজো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভি বলেন, ‘সত্যি বলতে, আমি মোটেও মনে করি না যে পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। আমি বুঝি, এটি শিশুদের সামনে খুব একটা ভালো কিছু উপস্থাপন করে না। তবে ফুটবলের একটি শারীরিক ও আগ্রাসী দিকও রয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল, আর বিষয়টি সেখানেই শেষ হওয়া উচিত ছিল।’ খেলার আবেগ ও মাঠের লড়াই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘দিনশেষে, এটা ফুটবল এবং আমার মনে হয় এই বিষয়গুলোকে মাঠের ফুটবল হিসেবেই দেখা উচিত।’
ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের মিডফিল্ডার পারেদেস প্রথমে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সে সময় গাভি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে পারেদেস তাকে জোরালো ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ফিফা ইতোমধ্যে বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, প্রতিপক্ষকে আঘাত বা সহিংস আচরণের দায়ে কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞার নিয়ম রয়েছে। এছাড়া স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার অভিযোগে আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা এবং সেমিফাইনালে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের দায়ে পুরো আলবিসেলেস্তে দল বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে। তবে নিজে আক্রান্ত হওয়ার পরও পারেদেসের শাস্তির বিপক্ষে গাভির এমন উদার অবস্থান ফুটবল মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২