
১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ফাইনালের আগে ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে নিউ জার্সিতে পৌঁছানোর পরই আর্জেন্টিনাকে বাধ্যতামূলক অনুশীলন ও মিডিয়া কার্যক্রমে অংশ নিতে হয়েছে। শুক্রবার ফাইনালের আগের এক অনুষ্ঠানে স্কালোনি জানান, দলের বিশ্রামের প্রয়োজন থাকলেও ফিফার নির্ধারিত সূচির কারণে তাদের অনাকাঙ্ক্ষিত সময়ে অনুশীলন করতে হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া বক্তব্যে স্কালোনি বলেন, আমরা কেবল এখন একটু বিশ্রাম পাচ্ছি। কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে, যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।
স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায়, যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলনে নামতে হয়। এর আগেও টুর্নামেন্টের নকআউট পর্বে ব্যস্ত সূচি ও পর্যাপ্ত বিশ্রামের অভাব নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছিলেন স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি বলেছিলেন, টুর্নামেন্ট যত শেষের দিকে যায়, খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন তত বাড়ে। কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা।
সেই সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনা কোচ আরও বলেন, আমরা মায়ামির প্রচণ্ড গরমে খেলেছি, আর পরদিনই দুপুরে আবার ম্যাচ খেলতে হয়েছে। বিশ্রামের এই সময়টুকু মোটেও আদর্শ নয়। আমার মনে হয়, মিশর আমাদের চেয়ে কিছুটা বেশি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে। ব্যবধান হয়তো খুব বেশি নয়, কিন্তু বিশ্বকাপের শেষ দিকে বিশ্রামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও একই সুরে কথা বলেছেন স্কালোনি। তার মতে, গত ১৫ দিনে পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শারীরিক ধকল কাটিয়ে ওঠা। লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন পুরোপুরি বিশ্রাম ও পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। এরপর খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। দলের কয়েকজন এখনো শতভাগ ফিট নয়। তাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখে আমরা নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রাখার চেষ্টা করব।
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে জিততে পারলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২