
বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড (গ্যারি) সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে এই ওয়েস্ট ইন্ডিজ মহাতারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক্সে (সাবেক টুইটার) তাদের শোকবার্তায় লিখেছে, একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। স্যার গারফিল্ড সোবার্স, আপনি আমাদের হৃদয়ে আছেন এবং চিরকাল থাকবেন।
১৯৫৪ সালে টেস্ট অভিষেকের পর সোবার্স তার প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন মাঠের প্রতিটি কোণে। প্রয়াত অজি কিংবদন্তি রিচি বেনো তাকে মূল্যায়ন করে লিখেছিলেন, সোবার্স ছিলেন বিশ্বের দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি একাধারে দুর্দান্ত ব্যাটসম্যান, অসাধারণ ফিল্ডার এবং নতুন বলের পেস থেকে শুরু করে লেফট-আর্ম স্পিন পর্যন্ত সব ধরনের বোলিংয়েই ছিলেন সমান পারদর্শী।
১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে তার খেলা অপরাজিত ৩৬৫ রানের মহাকাব্যিক ইনিংসটি দীর্ঘ ৩৬ বছর টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে টিকে ছিল। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯৩টি টেস্ট খেলে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করেছেন তিনি, পাশাপাশি বল হাতে ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫টি উইকেট। টেস্টে ৫ হাজার বা তার বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় তার ব্যাটিং গড় এখনো চতুর্থ সর্বোচ্চ। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৮ হাজার রান ও ১,০০০-এর বেশি উইকেট।
১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ৬টি ছক্কা হাঁকানোর বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন এই কিংবদন্তি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। বর্তমানে আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে তার সম্মানে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ প্রদান করে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২