২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ইংল্যান্ডের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলেও প্রধান কোচ টমাস টুখেলের ওপর পূর্ণ আস্থা বজায় রেখেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পরিকল্পনা অনুযায়ী, জার্মান এই কোচ ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত থ্রি লায়ন্সদের দায়িত্ব পালন করবেন।
বুধবারের সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়। ম্যাচে টুখেলের কৌশল এবং বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তৈরি হলেও তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামও টুখেলের প্রতি নিজের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
টুখেল বলেন, আমাদের চুক্তি ২০২৮ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত রয়েছে এবং আমরা সেটি নিয়েই কাজ করছি। ভবিষ্যতের কথা ভাবা কঠিন হলেও আমি পরবর্তী চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। তিনি আরও যোগ করেন, বিশ্বের বড় অনেক ফুটবল শক্তি সেমিফাইনালেই পৌঁছাতে পারেনি, তাই শেষ চারে ওঠাটাও একটি অর্জন। যদিও আমরা নিজেদের কাছ থেকে সর্বোচ্চ প্রত্যাশা করি, তাই এই মুহূর্তে হতাশা কাজ করাটাই স্বাভাবিক।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ডের দায়িত্ব গ্রহণ করেছিলেন টুখেল, যার মূল লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপ জয়। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হয়।
এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো দলের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ফাইনালের এত কাছে গিয়ে হারটা হৃদয়বিদারক। তিনি দলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে উপস্থিত সমর্থকদের এবং দেশের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনই শেষ হচ্ছে না। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এই ম্যাচে জয় পেলে তা হবে ইংল্যান্ডের বিশ্বকাপে সেরা সাফল্য। সেমিফাইনালের হতাশা কাটিয়ে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করাই এখন টুখেলের দলের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২