
২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র নিজেদের ফুটবল অভিযান শেষ করেছে শেষ ষোলোতেই। বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না পারে, তবে সেই ঐতিহাসিক বছরে যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের ট্রফি জয়ও একটি স্মরণীয় গল্প হয়ে থাকবে। প্রায় ছয় দশক ধরে ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবার তারা চ্যাম্পিয়ন হতে পারলে সেটি হবে বিশেষ এক অর্জন। বর্তমানে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ডকে অন্যতম শক্তিশালী দল হিসেবেই বিবেচনা করছেন তিনি।
ট্রাম্পের ফুটবল নিয়ে আগ্রহের বিষয়ে জুলিয়ানি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্সের খোঁজ রাখেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কেইনকে 'দুর্দান্ত খেলোয়ার' ও 'অসাধারণ মানুষ' বলে প্রশংসাও করেছেন ট্রাম্প। জুলিয়ানির মতে, সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলা এবং নিজের ছেলে ব্যারন ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের কারণে ট্রাম্পের ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে।
ইংল্যান্ড দলের শক্তি নিয়ে জুলিয়ানি বলেন, হ্যারি কেইন দলের সাফল্যের অন্যতম ভরসা এবং জুড বেলিংহামও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি দুজনকে অসাধারণ অ্যাথলেট হিসেবে অভিহিত করেন। এছাড়া পুরো ইংল্যান্ড দল বেশ ভারসাম্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং কোচকে তাদের বিশ্বাস করাতে হবে যে, বিশ্বকাপ জেতার সামর্থ্য তাদের রয়েছে।
জুলিয়ানির এই মন্তব্যের প্রেক্ষিতে হ্যারি কেইনও তাদের গলফ খেলার পুরোনো স্মৃতি স্মরণ করেছেন। ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে গলফ খেলেছিলেন এই তারকা স্ট্রাইকার। এদিকে, ইংল্যান্ড দল কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বুধবার শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২