
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির ওপর নিজের তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে আনচেলত্তির কঠোর সমালোচনা করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এমন ব্যর্থতার পর আনচেলত্তির ব্রাজিলের কোচ হিসেবে থাকার কোনো নৈতিক অধিকার নেই।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হারের পর আনচেলত্তির বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। ম্যাচ শেষে নেইমারকে কেন শুরু থেকে খেলানো হয়নি এবং ব্রুনো গিমারাইসকে কেন পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে আনচেলত্তির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি ব্রাজিলের সাবেক এই তারকা।
রোমারিও বলেন, 'আমি যদি সভাপতি হতাম, তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। লকার রুমে গিয়ে বলতাম, আপনাকে অনেক ধন্যবাদ, বিদায়। গোল্লায় যান। বিষয়টি আদালতে নিয়ে যান, তারপর দেখা যাবে কী হয়।' আনচেলত্তির কৌশল নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, 'তিনি কী ভাবছিলেন আমি বুঝতে পারছি না। গিমারাইসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে নামানো হলো! দলে কি কোনো ফুলব্যাক ছিল না? একজন ফুলব্যাক চোট পাওয়ায় সেন্টারব্যাককে সেখানে খেলানো হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'
ব্রাজিলের বর্তমান পরিস্থিতিকে 'মহাবিপর্যয়' হিসেবে আখ্যায়িত করে রোমারিও বলেন, 'এভাবে চলতে পারে না। আমাদের দুঙ্গা হেরেছে এবং চলে গেছে, ফেলিপে স্কলারি জিতেছে এবং থেকে গেছে, তিতে হেরেছে এবং থেকে গেছে। আর এখন আনচেলত্তি হেরেও থেকে যাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি বদলাতেই হবে।'
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২