
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।
তারেক রহমান অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে আখতারুজ্জামান সরকারের পক্ষে কথা বলেছেন। আবার বিএনপির সঙ্গে থাকার সময়ও তিনি দলটির বিরুদ্ধে এবং নির্বাচনবিরোধী বক্তব্য দিয়েছিলেন বলে তারেক দাবি করেন। এ ছাড়া আখতারুজ্জামানের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করার পরও জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান এখন প্রকৃত জুলাইযোদ্ধাদের চেয়েও বড় ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উপস্থাপিত হচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান যদি জামায়াতে যোগ দেওয়ার পর ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিতি পান, তাহলে প্রকৃত জুলাইযোদ্ধাদের অবস্থান কী হবে? এর জবাব জামায়াতকে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ভিডিও বার্তায় তারেক রহমান জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গও টেনে আনেন। আজহারুল ইসলাম আখতারুজ্জামানকে দলের কর্মী বা নেতা নন বলে যে মন্তব্য করেছেন, তাতে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে তারেক দাবি করেন।
এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়েও প্রশ্ন তোলেন। তারেক রহমানের দাবি, অতীতে চীনের দেওয়া ত্রাণকে জামায়াতের ত্রাণ হিসেবে প্রচার করার পর চীনা দূতাবাস প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট পোস্ট সম্পাদনা করে পরে তা মুছে ফেলা হয়েছিল। এ ছাড়া গাজীপুরের একটি ঘটনা নিয়ে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তবে তারেক রহমানের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জামায়াত নেতাদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২