
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে হাজার হাজার তরুণ বিক্ষোভকারী সমবেত হন। তীব্র গরম ও কড়া নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে ‘তেলাপোকা জনতা পার্টি’র এই আন্দোলনে এসএফআইসহ বিভিন্ন যুব সংগঠনের কর্মীরা অংশ নেন। আন্দোলনকারীরা তেরঙ্গা পতাকা হাতে এবং ব্যঙ্গাত্মক পোস্টার প্রদর্শন করে জ্ঞানেশ কুমারের অপসারণের স্লোগান দেন।
মুম্বাইয়ের এই সমাবেশে সিজেপি নেতা অভিজিৎ দীপকে সরকারের কঠোর সমালোচনা করে অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ব্যর্থতার কারণে সাধারণ মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছে। তিনি ‘গো, জ্ঞানু, গো’ স্লোগান তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে জনগণকে এতে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি এক্সে দেওয়া পোস্টে অভিযোগ করেন, বিজেপি সরকার জনগণের ভোট ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই আন্দোলন রাজনীতির জন্য নয়, বরং গণতন্ত্র, ভোটাধিকার ও সংবিধানের জন্য।
একই সময়ে দিল্লির যন্তরমন্তরে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অন্তত ১১০০ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল এবং এলাকাটিতে ব্যারিকেড বসানো হয়। আটকদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতীশী, সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা এবং আপ সাংসদ সঞ্জয় সিং রয়েছেন। অতীশীকে যন্তরমন্তর থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে।
দিল্লিতে এই বিক্ষোভের মূল উদ্যোক্তা ছিল আপ, আইসা এবং বিভিন্ন নাগরিক সমাজ, যার নেতৃত্বে ছিলেন রাজ্যসভার সাংসদ মনোজ ঝা ও আইনজীবী প্রশান্ত ভূষণ। বিক্ষোভ ঠেকাতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অনেক রাস্তা ও ১১টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২