
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে পুনরায় চিকিৎসাসেবা চালু করার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি পরিদর্শনে যান এনসিপির এই মুখপাত্র। এ সময় তিনি ধ্বংসস্তূপের মধ্যে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং ভাঙচুর হওয়া বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে ক্লিনিকের সামনে দখলদারদের টানানো ‘সমমনা দোকানদার সমিতি’র একটি সাইনবোর্ড অপসারণ করেন এনসিপির নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসা এই প্রতিষ্ঠানে যেভাবে হামলা ও লুটপাট চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসার যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনাটিকে একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার লুটতরাজ হিসেবে আখ্যায়িত করে এনসিপি মুখপাত্র বলেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনার সঙ্গে বিএনপির এমপি, সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় পুলিশ সবার ঐক্যবদ্ধ এবং সংগঠিত একটা অপরাধ এটা। এটা রাষ্ট্রের কয়েকটা প্রতিষ্ঠানের সংগঠিত অপরাধ এবং একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা লুটতরাজ হয়েছে।
ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি বলেন, হামলা ও ভাঙচুর শুরু হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ সেখান থেকে চলে যায় এবং তাণ্ডব শেষ হওয়ার পর পুনরায় পরিদর্শনে আসে। তাই ঘটনার সাথে জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, কোনো অবস্থাতেই রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না এবং এই ধ্বংসস্তূপের মাঝেই স্বাস্থ্যকর্মীরা মা ও শিশুদের চিকিৎসাসেবা দিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২