
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, শিক্ষিত বেকারদের শেষ আশ্রয়স্থল প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে।
নাহিদ ইসলাম জানান, গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘ আট মাস ধরে এই তরুণদের অনিশ্চয়তা ও হয়রানির মুখে রাখা হয়েছে। শেষ পর্যন্ত তাদের নিয়োগপত্র না দিয়ে চরম হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের বিরুদ্ধেই থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) নেই। এছাড়া অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। কোনো স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মেধা ও যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও অস্বচ্ছ ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি থেকে বঞ্চিত করাকে অবিচার হিসেবে অভিহিত করেছেন নাহিদ। তিনি বলেন, এটি শুধু সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচার নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক নিয়োগ ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে।
পোস্টের শেষে তিনি দাবি জানান, যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, এমন প্রত্যেক নিরপরাধ প্রার্থীর নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২