
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলের এক জরুরি সভায় তিনি বলেন, সরকারকে যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে এবং একই সঙ্গে হাম নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা মেনে নেওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মো. জসিম উদ্দিন ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা, শেখ মাতলুব হোসেন লিয়ন এবং সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, জিয়া উর রহমান বিপুল ও সৈয়দ সিরাজুল আরেফিন মাসুমসহ অন্যান্য নেতারা।
রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার ওপর নতুন করে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা জনমনে শঙ্কা তৈরি করেছে। জনস্বাস্থ্য রক্ষায় সরকারকে এখনই প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যক্রমের কার্যকারিতাও নিশ্চিত করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব ডেঙ্গু রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নগর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।
হাম প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচি আরও কার্যকর করতে হবে এবং যেসব এলাকায় রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি বলেন, মানুষের জীবন ও জনস্বাস্থ্য রক্ষা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়ার সুযোগ নেই।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২