
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪৫
সংবিধান সংশোধন কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষরকারী দল ও জোটগুলোর প্রতিনিধিদের নিয়ে আজ রবিবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই সভায় নিজেদের কোনো প্রতিনিধি পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি চিঠির মাধ্যমে দলের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আজ রবিবার দুপুরে দলটির সহকারী প্রচার সম্পাদক Azadul Islam Azad-এর (আজাদুল ইসলাম আজাদের) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ সংগ্রাম ও বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষের মনে রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার মূল ভিত্তি হলো জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং পরবর্তী গণভোটের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জনগণের সরাসরি সম্মতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণভোটে অনুমোদিত সংস্কারসমূহ বাস্তবায়নের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি 'সংবিধান সংস্কার পরিষদ' গঠন করে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ায় সংস্কার কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তা না করে বর্তমানে সংসদীয় ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিটির সাংবিধানিক ক্ষমতা ও কাজের পরিধি রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার সম্পন্ন করার জন্য মোটেও যথেষ্ট নয়।
এবি পার্টির মতে, সীমিত ক্ষমতাসম্পন্ন এই সংসদীয় কমিটির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। ফলে এ ধরনের কমিটির সামনে মতামত দেওয়া জুলাই জাতীয় সনদ ও গণভোটের মূল উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সবার সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২