
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ইতালিতে বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন এবং তাদের উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর পোস্টে উল্লেখ করেন, ছাত্রসমাজ, রাজনৈতিক দল, কৃষক-শ্রমিক ও সংস্কৃতিকর্মীসহ দেশের আপামর জনতার সম্মিলিত অংশীদারিত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে। বর্তমানে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সহ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যাকারী একটি নিষিদ্ধ সংগঠনের এ ধরনের উগ্র ও সংঘবদ্ধ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দূতাবাস ঘটনার সঙ্গে জড়িতদের যাবতীয় তথ্য-উপাত্ত ইতালীয় প্রশাসনের কাছে তুলে ধরবে এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সেদেশের সহযোগিতা চাইবে। মুশফিকুল ফজল আনসারী মনে করিয়ে দেন, বিদেশে অবস্থানরত বা ভ্রমণরত প্রতিটি বাংলাদেশি নাগরিক যাতে নিজেকে নিরাপদ ও সুরক্ষিত মনে করেন, তা নিশ্চিত করা দূতাবাসগুলোর দায়িত্বেরই অংশ।
ইতালির সঙ্গে বাংলাদেশের তুলনা টেনে তিনি বলেন, বাংলাদেশে সফররত কোনো ইতালীয় নাগরিক যদি আজ এমন হামলার শিকার হতেন, তবে সেদেশের মিশন ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিতভাবেই দৃশ্যমান হতো। শুধু ইতালির এই ঘটনাটিই নয়, বিশ্বের যেকোনো সভ্য দেশে এমন অসভ্য, সহিংস ও ঘৃণ্য তৎপরতা চালানো হলে দ্রুত তথ্য-প্রমাণ তুলে ধরে প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন অভিনেত্রী বাঁধন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি স্থানীয় পার্কে বেড়াতে গেলে তিনি এই অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্তার শিকার হন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২