
কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রবের কারণে রাত্রিযাপন না করেই সার্কিট হাউস ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে যান।
জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চ এবং চৌদ্দগ্রামে পথসভার কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান। তাঁর জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়েছিল।
রাত ১০টার দিকে ওই কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। বিশেষ করে কক্ষের আলমারির ভেতরে বালিশ ও কম্বল রাখার স্থানে উইপোকার বাসা এবং বিপুল পরিমাণে উইপোকা ছিল। বিষয়টি নজরে আসার পর তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কক্ষ পরিবর্তনের অনুরোধ জানান এবং নতুন কম্বল সরবরাহ করতে বলেন।
সংশ্লিষ্টদের ভাষ্যমতে, অনুরোধ জানানোর পরও দ্রুত কক্ষ পরিবর্তনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি বিষয়টি কুমিল্লার এনডিসিকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এসএমএসের মাধ্যমে জানান। এরপরও দ্রুত বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে তিনি সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান এই ঘটনাকে সরকারি স্থাপনায় অব্যবস্থাপনা হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন গুরুত্বপূর্ণ অতিথির কক্ষে সমস্যা দেখা দেওয়ার পরও দ্রুত ব্যবস্থা না হওয়া প্রশ্নসাপেক্ষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে যাওয়ার পর বিষয়টি তারা জানতে পারে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জানান, বিষয়টি এনডিসি বা জেলা প্রশাসনের কর্মকর্তাদের কেউ তাৎক্ষণিকভাবে জানতে পারলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। তিনি আরও বলেন, এই ঘটনার পরই সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মাননীয় বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে চলে যাওয়ার বিষয়টি তাদের জন্যও দুঃখজনক।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২