
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্ন নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'স্পিকার, এটা প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।'
স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ শুরু করলে সংসদে হট্টগোল বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করেন। স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, 'এটা তো আওয়ামী লীগের আমল না। আপনারা তো ইচ্ছেমতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন।' তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। সংসদ পরিচালনায় তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করছেন উল্লেখ করে স্পিকার বলেন, পরমতসহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তার শব্দচয়নে বিরোধী দলের আপত্তি থাকলে তার জবাব দেওয়ার অধিকার রয়েছে। তিনি আরও যোগ করেন, 'আপনারা সারাদিন দাঁড়িয়ে থাকতে পারলে আমিও পারবো। যদি কথা না বলতে দেন, তাহলে কীসের বাক্স্বাধীনতা?' একইসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার কারণ বা গ্রেপ্তারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ছাড়া প্রতিকার দেওয়া সম্ভব নয়।
এরপর স্পিকার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। জামায়াত আমির বলেন, 'আমি সম্মান রেখেই বলতে চাই, আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি। শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক।' তিনি অভিযোগ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের শুরু থেকেই বিরোধী দলের সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন। এই অভিযোগ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার দাবি জানান।
শুরুতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্ন নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২