
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করার পাশাপাশি নিয়োগ বাতিলের জোর দাবি জানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। হেফাজতের দাবি, এই নিয়োগের বিষয়টি দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, গত বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তির কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। তাদের মতে, এই নিয়োগ আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
শামীম কায়সার লিংকনের মতাদর্শ নিয়েও প্রশ্ন তুলেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির অভিযোগ, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। মুফতী কিফায়াতুল্লাহ আজহারী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। তাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব এমন কারো হাতে থাকা উচিত যিনি ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য।
হেফাজতে ইসলাম সরকারকে সতর্ক করে বলেছে, আলেম সমাজ ও তাওহীদি জনতার পরামর্শ উপেক্ষা করে এই নিয়োগ কার্যকর করা হলে সরকারের সাথে আলেম সমাজের সুসম্পর্ক ও পারস্পরিক আস্থায় চিড় ধরতে পারে। এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে তা দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করবে বলে দাবি করেছে সংগঠনটি। পরিশেষে, আলেম-উলামাদের সাথে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২