
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তৃণমূলের নেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইউপি চেয়ারম্যান পদে দল থেকে মাত্র একজনকেই সমর্থন দেওয়া হবে। শৃঙ্খলা ভেঙে যাতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করেন, সে বিষয়ে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে দল অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাবনা ও চাপাইনবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকে এই বার্তা দেন তিনি। বৈঠকের বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নেতাকর্মীদের যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে পাবনা ও চাপাইনবাবগঞ্জ জেলার উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী জানান, দলের চেয়ারম্যান বর্তমানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার তৃণমূলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। দলীয় সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তৃণমূলের ইউনিটগুলোকে জেলার নেতাদের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দলের পক্ষ থেকে একজন প্রার্থীর বাইরে আর কেউ নির্বাচনে অংশ না নেন।
ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিজের দায়িত্ব ও অনুভূতি সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, এই পদ পাওয়া তার জন্য গর্বের এবং আনন্দের বিষয়, তবে একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কিছুটা ভয়েরও সম্মুখীন হচ্ছেন। নিজের সহকর্মীদের সমর্থন ও সহযোগিতা নিয়ে দলীয় চেয়ারম্যানের নির্দেশিত কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য তিনি সবার দোয়া ও আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২