
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রকৃত উপায় হলো একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা। মঙ্গলবার রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক 'শহীদ স্মরণ সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের শহীদরা কোনো বিশেষ গোষ্ঠী বা শক্তির রাজনৈতিক পুঁজি বাড়ানোর জন্য জীবন দেননি, বরং তারা বৈষম্যমুক্ত একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখেছিলেন। তাই শহীদদের নিয়ে সংকীর্ণ রাজনীতি না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশের দাবি জানান এই নেতা।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, গত দুই বছরে কর্মহীনতা, চাকুরীচ্যুতি এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। মানুষের জীবনযাত্রার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। জ্বালানি সংকট নিরসনে বিদেশনির্ভর নীতির সমালোচনা করে তিনি বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারের বিষয়ে তিনি বলেন, গত ছয় মাসে বিএনপি সরকার গণতান্ত্রিক অধিকার ও সহিষ্ণুতার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাফল্য দেখালেও বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের পথ পরিহার করে যে শাসনপদ্ধতি বর্তমানে চলছে তা অব্যাহত রাখার পাশাপাশি, সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় সরকার যেসব উদ্যোগ নিয়েছে, দেশের মানুষ এখন তার বাস্তবায়ন দেখতে চায়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির নেত্রী নার্গিস আকতার লিমার সভাপতিত্বে এবং ফিরোজ আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম এবং বিএনপির স্থানীয় নেতা আব্দুর রশীদ খান, আকতারুজ্জামান রাজিব, মাহমুদুল হাসান মাধু ও নারীনেত্রী মরিয়ম আকতার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২