
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার জনগণের সরকারের পরিবর্তে অলিগার্কদের সরকার হিসেবে গড়ে উঠছে। তিনি বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর প্রতি নয়, বরং সরকারের প্রথম দায়বদ্ধতা জনগণের প্রতি—এই মৌলিক সত্যটি পতিত ফ্যাসিস্ট সরকার ভুলে গিয়েছিল, আর বিএনপি সরকারও এখন সেই একই পথে হাঁটছে।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে বিএনপি ‘লুটপাট নয়, উৎপাদন; বৈষম্য নয়, ন্যায্যতা’—এই প্রতিশ্রুতি দিলেও মাত্র ছয় মাসের মাথায় তারা নিজেদের চুক্তির বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন, ২০০১-০৬ মেয়াদেও আমরা দেখেছি উৎপাদন না বাড়িয়ে বিতরণ লাইন বাড়ানোর অসমন্বিত ‘উন্নয়ন’। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারীকরণের নামে অলিগার্কদের সুবিধা দেওয়ার হীন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতসংক্রান্ত ৬টি বিষয় উল্লেখ করে প্রতিটি সম্পর্কে ব্যাখ্যা লিখেছেন নাহিদ। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগে। এতে দৈনিক ৫১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আংশিক সরবরাহ ফিরে আসে ১৫ দিন পর, ৫ আগস্ট। দেশের গ্যাস সরবরাহের এক-চতুর্থাংশ যে দুটি টার্মিনালের ওপর নির্ভরশীল, তার একটি বসে গেলে ১৫ দিন লাগল আংশিক পুনরুদ্ধারে—এই ডিজাস্টার রিকভারি সক্ষমতা কি একটি রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য? বিবৃতিতে ৩০ দিনের জন্য সরকারের তাৎক্ষণিক করণীয় ১০টি ও দীর্ঘমেয়াদী ৪২টি বিষয় উল্লেখ করা হয়েছে।
নাহিদ ইসলাম সরকারের তাৎক্ষণিক করণীয় হিসেবে বেসরকারীকরণ স্থগিত, আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা বাড়ানো এবং ক্রয় ক্যালেন্ডার প্রকাশের দাবি জানান। পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে প্রতিযোগিতামূলক দরপত্র, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন, ক্যাপাসিটি চার্জ নিরীক্ষা এবং সোলার বিদ্যুৎ প্রকল্পের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২