
দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করবে, তাদের কঠোরভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
গত রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। এ সময় তিনি দেশের গণতান্ত্রিক ও স্বাধীনতায় বিশ্বাসী মানুষকে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
দেশ গড়ার ও জাতির ভাগ্য গঠনের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'—এই স্লোগানকে ধারণ করেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে।
বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ। জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে এবং ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, তাই এই দফা বাস্তবায়ন করাই এখন সরকারের মূল ও পবিত্র দায়িত্ব। সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে এই দফা পূরণ করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২