
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফোনালাপের কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই দাবিকে সম্পূর্ণ ‘অলীক’ বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বিষয়টি পত্রিকায় দেখেছি। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।” গোয়েন্দা সংস্থাগুলো এই ফোনালাপের কোনো সত্যতা পেয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যে পত্রিকা এই খবর প্রকাশ করেছে, তাদের কাছে কী তথ্য-প্রমাণ আছে তা তাদেরই জিজ্ঞেস করা উচিত। তিনি আরও বলেন, আজকাল ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলার জন্য লন্ডন যাওয়ার প্রয়োজন হয় না, যেকোনো জায়গা থেকেই যোগাযোগ করা সম্ভব। তাই এই ফোনালাপের বিষয়টি তার কাছে বাস্তবসম্মত মনে হয় না।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেখানে বিস্তারিত উল্লেখ করেছেন। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগ করার যে বিধান রয়েছে, সেভাবেই স্পিকার তা গ্রহণ করেছেন। বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন।
সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন মহলের সমালোচনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিকভাবে কথা বলার ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে, যা তারা করতেই পারে। তবে সেখানে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য নেই বলে তিনি মনে করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বৈরাচারের শেষ সময় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান রাজনৈতিক সরকারের প্রায় পাঁচ-ছয় মাস পর্যন্ত বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। এই সময়ে সরকার রাষ্ট্রপতির কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২