
রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড তারকা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সকালে ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে তিনি সশরীরে উপস্থিত হয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত ১১ জুন তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর চেষ্টা করলেও তখন তা গৃহীত হয়নি; তাকে জানানো হয়েছিল সশরীরে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে।
পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই দিল্লির একটি বাসভবনে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের দলীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল মল্লিক। এই সাক্ষাতের ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। নেটিজেন ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে অভিনেত্রী কি তবে বিজেপির পথে হাঁটছেন? যদিও দলবদল নিয়ে অভিনেত্রী এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য যে, গত মার্চ মাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিককে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছিলেন। একই সঙ্গে তৃণমূল প্রার্থী হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যসভায় তৃণমূলের এটি চতুর্থ পদত্যাগের ঘটনা। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারা পরবর্তীতে বিজেপিতে যোগ দেন এবং চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। কোয়েল মল্লিকের এই পদত্যাগ এবং বিজেপি নেতার সঙ্গে তার সাক্ষাৎ তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে।
দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘প্রেমের কাহিনি’, ‘মন মানে না’, ‘পাগলু’, ‘হেমন্তের পাখি’, ‘অরুন্ধতী’ ও ‘ছায়া ও ছবি’-র মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২