
জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে জাতীয় সমাজতন্ত্র দল (জেএসডি)। বুধবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই পদক্ষেপকে জনগণের সাথে 'রাজনৈতিক প্রতারণা' বলে মন্তব্য করেছেন।
বিবৃতিতে জেএসডির শীর্ষ নেতারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা এবং জাতীয় সনদ ও গণভোটের রায়ের আলোকে রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার এখন সময়ের দাবি। জনগণ কেবল সরকার পরিবর্তনের জন্য আত্মত্যাগ করেনি; বরং তারা বৈষম্য দূরীকরণ, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং অংশীদারিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে জাতীয় সংসদে কমিটি গঠন করে গতানুগতিক সংশোধনের পথে হাঁটছে। তারা বলেন, সংবিধান কোনো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার দলিল নয়, এটি জনগণের সার্বভৌম সম্মতির দলিল। সরকার নির্বাচনপূর্ব রাষ্ট্র ও সংবিধান সংস্কারের যে অঙ্গীকার করেছিল, বর্তমান উদ্যোগ তার সম্পূর্ণ বিপরীত এবং জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট উপেক্ষা করার শামিল।
জেএসডি অবিলম্বে গণভোটে অনুমোদিত ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রতিনিধিত্বশীল সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, সরকার যদি এই ম্যান্ডেট উপেক্ষা করে গতানুগতিক সংশোধনের পথেই অগ্রসর হয়, তবে ভবিষ্যতে উদ্ভূত যেকোনো রাজনৈতিক, সাংবিধানিক ও আইনি সংকটের দায়ভার সরকারকেই বহন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২