
জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা তাদের কাছে চিরঋণী। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি। আজ আমাদের শপথ নিতে হবে যেন শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা না যায়। মঙ্গলবার (১৪ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি ১৬ জুলাইকে জাতীয় ইতিহাসের এক গৌরবময় ও বেদনাবিধুর দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তিনি সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. শফিকুর রহমান স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। পুলিশ তাকে গুলি করে হত্যা করলে সারা দেশে এই আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। তিনি বলেন, এই গণআন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তরুণ ও পেশাজীবী মানুষ এক হয়ে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে এটি ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার নির্দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে শহীদ করেছে। প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। অবশেষে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। পতন নিশ্চিত জেনে শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যান।
জামায়াতের আমির বলেন, জুলাই গণআন্দোলনের ফলেই আজ দেশের মানুষ মুক্তভাবে মতামত প্রকাশ করতে পারছে এবং রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান ‘জুলাই শহীদ দিবস’ পালন করার জন্য জামায়াতের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২