
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত জাতীয় ঐক্য নষ্ট করার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র কাজ করছে বলে দাবি করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহীম। তিনি আকিদার অজুহাত তুলে মুসলিম উম্মাহ ও রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির এই অপচেষ্টার বিরুদ্ধে সমমনা ইসলামি দল ও আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মাওলানা কাজী ইব্রাহীম বলেন, একজন ব্যক্তির মুসলিম হিসেবে স্বীকৃতির জন্য কালেমা পাঠ, পাঁচ ওয়াক্ত সালাত, কিবলা অনুসরণ এবং মুসলিমদের জবেহকৃত খাবার গ্রহণ করাই যথেষ্ট। হাদিসের ভাষ্য অনুযায়ী, এমন ব্যক্তি আল্লাহ ও রাসুলের সুরক্ষায় থাকেন। অথচ বর্তমানে সামান্য মতপার্থক্যকে বড় করে দেখিয়ে একে অপরকে বিভ্রান্ত বা ‘আকিদা খারাপ’ আখ্যা দিয়ে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
ইসলামি দলগুলোর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনীতি কোনো দ্বীনি মৌলিক আকিদার বিষয় নয়, বরং এটি পার্থিব ও প্রশাসনিক পরিচালনার বিষয়। তিনি সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশেদিন নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেটি ছিল একটি প্রশাসনিক সিদ্ধান্ত। এমনকি কোরআনের সুরা রুমের ঐতিহাসিক প্রেক্ষাপটে রাসুল (সা.) ও সাহাবিরা আকিদাগত ভ্রান্তি সত্ত্বেও রোমান খ্রিস্টানদের বিজয় প্রত্যাশা করেছিলেন, যা ছিল রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত।
তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব দেশপ্রেমিক ইসলামি শক্তির ঐক্য এখন সময়ের দাবি। কিন্তু সেই জাতীয় ঐক্য নষ্ট করতে ‘আকিদার দোহাই’ দিয়ে অভ্যন্তরীণ কোন্দল উসকে দেওয়া হচ্ছে, যার মূল কলকাঠি দিল্লি থেকে নাড়া হচ্ছে।
আলেম সমাজকে ইতিহাস ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলমানদের অভ্যন্তরীণ অনৈক্য ও লড়াই সবসময় দেশের চরম ক্ষতি ডেকে এনেছে। তাই নির্দিষ্ট কোনো দলের প্রতি ঢালাওভাবে ‘গোমরাহ’ বা আকিদাগত ত্রুটির অভিযোগ তুলে দিল্লির বিভাজনমূলক এজেন্ডা বাস্তবায়ন না করে দেশ ও উম্মাহর স্বার্থে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার তাগিদ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২