
সৌদি আরবের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে প্রায় ৯ হাজার ২৬৯ জন যাত্রী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ৬১টি ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি (ডিরেক্ট) এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং ইউএস-বাংলার ২টি ফ্লাইট রয়েছে। এছাড়া ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি, সালাম এয়ারের ৩টি, এমিরেটসের ৯টি, ইজিপ্ট এয়ারের ১টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট।
উদ্ভূত পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১শে অক্টোবর পর্যন্ত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ই অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পারে।
যাত্রীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে। অনেকেই জানেন না কবে নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বা তারা কখন সৌদি যেতে পারবেন। ভুক্তভোগীদের একটি বড় অংশই প্রবাসী শ্রমিক, যাদের অনেকেরই ঢাকায় দীর্ঘ সময় অবস্থান করার মতো পর্যাপ্ত অর্থ নেই। এয়ারলাইন্সগুলো টিকিটের টাকা ফেরত দেবে কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন অনেক যাত্রী। অনিশ্চিত এই পরিস্থিতির মধ্যে কেউ কেউ বিমানবন্দরেই নির্ঘুম সময় পার করছেন, আবার অনেকে হোটেল বা বাড়িতে ফিরে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২