
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সময়ের মধ্যে করের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণকে এই ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রদান করেন। ওই রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে এই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পুনর্মূল্যায়নের পর এনবিআর গ্রামীণ কল্যাণের কাছে এই কর দাবি করে। এর বিপরীতে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছিলেন। তবে সম্প্রতি হাইকোর্টের নতুন একটি বেঞ্চ সেই রুল খারিজ করে দিয়েছেন। ফলে রিট আবেদন খারিজ হওয়ায় এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ প্রশস্ত হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে কর আদায়ের বিষয়ে দেওয়া রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরবর্তীতে মামলাটি নতুন একটি বেঞ্চে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২