
পবিত্র মক্কা ও মদিনার মর্যাদার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস করবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজন হলে বাংলাদেশ যা করার, তা করবে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেখানে বিপুল সংখ্যক মুসলমানের বসবাস। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে অভিজ্ঞতা রয়েছে, তা কাজে লাগিয়ে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তিনি মনে করেন। তাই মক্কা চুক্তির উদ্যোগকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।
সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ককে কেবল শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখন বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে বিস্তৃত হচ্ছে। বর্তমানে সৌদি আরব বাংলাদেশে বড় অংকের বিনিয়োগ করছে, যার মধ্যে স্টার রিফাইনারি-২ প্রকল্পে সৌদি বিনিয়োগের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। এই দীর্ঘমেয়াদী অংশীদারত্ব নিশ্চিত করতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কেবল সৌদি আরব নয়, বিশ্বের অন্যান্য দেশের সাথেও বিনিয়োগ অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। আগামী ২৬শে অক্টোবর প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফর প্রসঙ্গে তিনি জানান, এই সফরে জ্বালানিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ প্রচলিত শ্রমনির্ভর নির্ভরতা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী ও টেকসই নীতির ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২