
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত মিনেসোটা অঙ্গরাজ্যে সোমালি অভিবাসী এবং মুসলিমদের লক্ষ্য করে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন ডনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি অভিযোগ করেন, সোমালি অভিবাসীরা মিনেসোটা দখল করে নিচ্ছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি ডেমোক্র্যাট দলের মুসলিম সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে ‘উগ্রপন্থি’ ও ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে তীব্র আক্রমণ করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘একসময়কার মহান অঙ্গরাজ্য মিনেসোটা সোমালি অভিবাসীদের দখলে চলে যাচ্ছে। পুরো অঙ্গরাজ্যজুড়ে সহিংসতা, খুন ও বিশৃঙ্খলা চলছে। মিনেসোটার জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ একই সঙ্গে তিনি মিনেসোটা কর্তৃপক্ষকে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাওয়ার আহ্বান জানান। এর আগেও সোমালিদের ‘আবর্জনা’ বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প, যা নিয়ে নাগরিক অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে তার সমালোচনা করে আসছেন।
মিনেসোটায় ২০২০ সালের একটি অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প অভিবাসীদের ওপর এই আক্রমণ চালাচ্ছেন। ওই বছর শিশুদের পুষ্টি কর্মসূচির জন্য বরাদ্দকৃত সরকারি তহবিল থেকে লাখ লাখ ডলার জালিয়াতির ঘটনা ঘটে, যাতে অভিযুক্তদের অনেকেই ছিলেন সোমালি-আমেরিকান। তবে ওই জালিয়াতি পরিকল্পনার মূল হোতা এবং মিনেসোটার একটি অলাভজনক সংস্থার প্রধান অ্যাইমি বক কোনো সোমালি অভিবাসী নন। গত মে মাসে তাকে ৪১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই বিচ্ছিন্ন জালিয়াতির ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে ডেমোক্র্যাট-শাসিত মিনেসোটায় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তি দিচ্ছেন ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে এই অঙ্গরাজ্যে অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারে ব্যাপক অভিযান চালানো হয়। পাশাপাশি মেডিকেয়ার ও শিশু পরিচর্যাসহ বিভিন্ন সামাজিক সেবা কর্মসূচি সীমিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। অধিকার সংগঠনগুলোর অভিযোগ, ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে পুরো অভিবাসী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করছেন, অথচ জালিয়াতির দায়ে দণ্ডিত অনেক ব্যক্তিকে তিনি নিজেই অতীতে ক্ষমা করেছেন।
ট্রাম্পের এই বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন। তিনি বলেন, ‘মিনেসোটার সোমালিরা আমাদের প্রতিবেশী ও আমাদের অঙ্গরাজ্যেরই অংশ। আমি যে মিনেসোটাকে চিনি ও ভালোবাসি, তা এই বিদ্বেষের চেয়ে অনেক ভালো।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২