
রোহিঙ্গা সংকটের বোঝা বাংলাদেশ অনির্দিষ্টকাল বহন করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : প্রত্যাবাসনের পথে বাধা নিয়ে রোহিঙ্গাদের বক্তব্য’ শীর্ষক এক জাতীয় নীতি অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গা সংকটের মূল সমাধান মিয়ানমারেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সমর্থনের কথা না বলে সংকট সমাধানে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গারা মিয়ানমারকে নিজেদের আবাসভূমি হিসেবে অস্বীকার করে না, তবে যে পরিস্থিতির কারণে তারা পালিয়ে এসেছিল, সেখানে ফিরে যেতে তারা রাজি নয়।
প্রত্যাবাসনের রূপরেখা তৈরির ক্ষেত্রে নিরাপত্তা, জমি ও সম্পত্তির অধিকার, পরিচয় এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসন একটি আস্থার বিষয় এবং রোহিঙ্গারা দয়া নয়, অধিকার চায়। ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের কথা স্মরণ করে শামা ওবায়েদ জানান, টেকসই প্রত্যাবাসনের জন্য বিশ্বাসযোগ্য রূপরেখা প্রণয়ন, সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং আন্তর্দেশীয় অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের মতো পাঁচটি জরুরি অগ্রাধিকার সেখানে তুলে ধরা হয়েছিল।
কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, একে ‘নতুন স্বাভাবিক পরিস্থিতি’ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে গবেষক দল কক্সবাজারের উখিয়ার ১৭টি রোহিঙ্গা ক্যাম্পে ৮১৬ জনের ওপর জরিপ এবং সংশ্লিষ্ট অংশীজনের ৭২টি সাক্ষাৎকার গ্রহণের ভিত্তিতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২