
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চয়ন (৪০) নামের এক চপ-পেঁয়াজু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিকেলে একটি ভ্যানে করে তার মরদেহ হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান ভ্যানচালক। নিহত চয়ন হারদী কৃষি ক্লাবপাড়ার গদো মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে চপ-পেঁয়াজু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামের হেলাল নামের এক ব্যক্তি মোবাইল ফোনে চয়নকে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়। এরপর চয়নের ছেলে মারুফকে ফোন করে জানানো হয় যে তার বাবার কাছে টাকা পাওনা রয়েছে। হেলালের পক্ষ থেকে মারুফ ও তার দাদাকে তিনটি স্ট্যাম্পসহ হেলালের বাড়িতে আসতে বলা হয়।
দুপুরের দিকে মারুফ ও তার দাদা সেখানে পৌঁছালে তাদের জানানো হয় যে চয়ন আত্মহত্যা করেছেন। এরপর তার মরদেহ ভ্যানে করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মরদেহ রেখে ভ্যানচালক দ্রুত চলে যান। চয়নের ছেলে মারুফের দাবি, তার বাবাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, হেলালের পরিবারের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ছিল, তবে কোনো আর্থিক লেনদেন থাকলেও তা পরিশোধের সুযোগ ছিল।
হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবায়েদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২