
দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়েরের দাবিতে সোমবার সকালেও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ অব্যাহত ছিল। এই বিক্ষোভের সময় পুলিশ ১৮ জনকে আটক করে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গেছে। আটককৃতদের মধ্যে সেই নারী সাংবাদিকও রয়েছেন, যিনি এসিপি বিবেক ভগতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। এছাড়া বেশ কয়েকজন ফ্রিল্যান্স সাংবাদিক ও ইউটিউবারকেও আটক করে বাসে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগী ওই নারী সাংবাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা মূলত অভিযোগের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে থানার ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। এর আগে গত শনিবার যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তিন নারী সাংবাদিক যৌন হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। তাদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনকালে এসিপি বিবেক ভগত অশালীনভাবে তাদের শরীর স্পর্শ করেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
এই ঘটনার প্রতিবাদে শনিবার রাত থেকেই পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ শুরু হয়, যা রবিবার রাতেও অব্যাহত ছিল। সোমবার সকালে পুলিশ হঠাৎ ধরপাকড় শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলগুলো দিল্লি পুলিশের এই ভূমিকার কড়া সমালোচনা করেছে। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের ভয় দেখানোর উদ্দেশ্যেই পুলিশ এই ধরপাকড় চালাচ্ছে।
এদিকে ভারতের প্রেস কাউন্সিল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দিল্লি পুলিশকে দ্রুত নারী সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে গণমাধ্যমকর্মীরা কোনো ধরনের আগ্রাসন বা হুমকি ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন। দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ৩ অক্টোবর যন্তর মন্তরের ঘটনার বিষয়ে তিন নারী সাংবাদিকের কাছ থেকে তিনটি পৃথক অভিযোগ পেয়েছে। বর্তমানে ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২