
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ তাকে থানায় দিয়ে গেছে এবং বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে এবং এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়ার সময় আখতারুজ্জামানকে ডিবি পুলিশের কাছে হ্যান্ডকাফ পরানোর অনুরোধ করতে শোনা যায়। তিনি বলেন, ‘ও ভাই, ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই? হ্যান্ডকাফ ছাড়া তো মানুষে কী মনে করবে? আমি ইচ্ছা কইরা… হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান, তাইলে মনে করেন সালাহউদ্দিনের (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ) মনটা পূর্ণ হইত যে আপনারা অ্যারেস্ট করছেন, বুঝছেন না?’
গ্রেপ্তারের আগে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, ‘দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী মানুষের আত্মরক্ষার জন্য যদি শহীদ হতে পারি।’ তিনি আরও বলেন, ‘জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকবো, আজীবন থাকবো। যতদিন বেঁচে আছি, এতদিন জনগণের পাশে থাকবো। জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এই জীবন ত্যাগ করব।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২