প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার ব্যক্তিগত মেধা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতিসংঘে পি-৩ পজিশনে নিযুক্ত হয়েছেন। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহ্দী আমিন স্পষ্ট করেন যে, জাইমা রহমানের পেশাগত প্রোফাইলের সঙ্গে এই পদটি সামঞ্জস্যপূর্ণ এবং এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দূরতম কোনো সম্পৃক্ততা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিষয়ে মাহ্দী আমিন বলেন, বিষয়টি অত্যন্ত স্পষ্ট করা প্রয়োজন। তিনি জানান, বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে কোনো চাকরি দেয়া হয়নি, এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনো পদায়ন হয়নি। তিনি সরাসরি জাতিসংঘের সদরদপ্তরে, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের কার্যালয়ে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের নিজস্ব নিয়মকানুন ও সুনির্দিষ্ট প্রক্রিয়ার অধীনে তাদের নির্বাহী কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস টিম সম্পূর্ণ স্বাধীনভাবে এই আন্তর্জাতিক নিয়োগ সম্পন্ন করেছে। নিয়োগের যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধাদি জাতিসংঘ সরাসরি বহন করে, যেখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। যে কেউ চাইলে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগের স্বচ্ছতা যাচাই করতে পারবেন।
জাতিসংঘের প্রফেশনাল কাঠামো ব্যাখ্যা করে তিনি বলেন, পি-১ নতুন স্নাতকদের জন্য, পি-২ এর জন্য ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং পি-৩ পদের জন্য অন্তত পাঁচ বছরের মধ্যবর্তী পেশাগত অভিজ্ঞতা আবশ্যক। জাইমা রহমান সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই পদে এসেছেন। অতীতে রাজনৈতিক বা পারিবারিক প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মিশনে পদায়নের যে সংস্কৃতি ছিল, তিনি সেভাবে যাননি। তিনি বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলেরও কোথাও সম্পৃক্ত হননি। নিজের মেধার জোরে আন্তর্জাতিক পরিসরে এমন অবস্থানে পৌঁছানোকে সাধুবাদ জানানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর নিয়েও বিস্তারিত তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রী গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সফর করেছেন। প্রতিনিধিদলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিবর্গসহ মোট ৩৫ জন সদস্য ছিলেন। এই চার দিনে প্রতিনিধিদলের সদস্যরা প্রায় ৫০টি পৃথক বৈঠকে অংশ নেন এবং সব মিলিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ৮০টিরও অধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে প্রতিনিধিদলের একটি অংশ দেশে ফিরে এলেও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সমন্বয়ে একটি টিম ক্যালিফোর্নিয়ায় গিয়ে টেকনোলজি, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে।
মাহ্দী আমিন আরও জানান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘে ৮টি কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ৩টিতে বক্তব্য রেখেছেন। তিনি জাতিসংঘ উইমেন লিডার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন এবং ওয়ার্ল্ড ফার্স্ট স্পাউসেস ডায়ালগে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের স্বাস্থ্য দর্শনের কথা উপস্থাপন করেন। এছাড়া মিডওয়াইফারি সাইড ইভেন্টে একজন চিকিৎসক হিসেবে তার বক্তব্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে এবং তিনি মেলানিয়া ট্রাম্পের বিশেষ অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ফার্স্ট লেডিদের সঙ্গে কুশলবিনিময় করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর জনগণের প্রত্যক্ষ রায়ে নির্বাচিত সরকারপ্রধান বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যা গণতান্ত্রিক অভিযাত্রায় এক বিশাল পদচারণা। প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি নিশ্চিত করেছেন এবং আন্তর্জাতিক পরিসরে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেছেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেতা কর্মীদের মধ্যে বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত…
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ…
আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপ কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চায় সরকার। আগামী এক থেকে দুই…
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ম্যাট রেনশ’র ১৯০ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর…
নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদত বার্ষিকীর স্মরণসভায় জাতীয় সংসদের হুইপ…
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন…
This website uses cookies.