
সিরাজগঞ্জ জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে চলা সাংগঠনিক স্থবিরতা, অভ্যন্তরীণ কোন্দল ও চরম সমন্বয়হীনতা দূর করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এই সংকট নিরসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে একটি খোলা চিঠি দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
কেন্দ্রীয় বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মাধ্যমে এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠি প্রদানকারী মির্জা মোস্তফা জামান হলেন কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ছেলে।
খোলা চিঠিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতির চিত্র তুলে ধরে বলা হয়েছে, বর্তমানে সেখানে এক নজিরবিহীন অচলাবস্থা বিরাজ করছে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ১৮ সদস্যের যে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছিল, তা দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ রূপ নিতে পারেনি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওই কমিটির আহ্বায়ক করা হয়েছিল আমিরুল ইসলাম খান আলীমকে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে দল পরিচালনার কারণে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই জেলায় দুটি সমান্তরাল কমিটি বিদ্যমান থাকাকে দেশের রাজনীতিতে বিএনপির জন্য একটি ক্ষতিকর ও নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
দলের সাংগঠনিক কার্যক্রমকে পুনরুজ্জীবিত ও সুসংগঠিত করার লক্ষ্যে চিঠিতে ৬টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে:
১. বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যক্রম জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা।২. প্রয়োজনে বর্তমান প্রস্তুতি কমিটি বিলুপ্ত করে নতুন ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।৩. কোনো রকম দীর্ঘসূত্রতা ছাড়া সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা।৪. দলীয় প্রয়োজন বিবেচনায় রেখে সরাসরি কেন্দ্রের সিদ্ধান্তে নতুন আহ্বায়ক বা জেলা কমিটি গঠন করা।৫. দলের ত্যাগী, পরীক্ষিত, সৎ, মেধাবী, সক্রিয় এবং ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা।৬. ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত রেখে জেলা বিএনপির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সরাসরি মনিটরিং বা তদারকি করা।চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে যে, রাজপথের আন্দোলন-সংগ্রামে সিরাজগঞ্জের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন। কিন্তু বর্তমানে একক নেতৃত্ব ও গোষ্ঠীকেন্দ্রিক আধিপত্যের কারণে দলের ভাবমূর্তি ও জনগণের আস্থা ক্ষুণ্ন হচ্ছে। মির্জা মোস্তফা জামান স্পষ্ট করেছেন যে, কোনো ব্যক্তিগত পদ-পদবির লোভে নয়, বরং সিরাজগঞ্জে বিএনপিকে গতিশীল ও ঐক্যবদ্ধ করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে জেলার তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২