
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুখপাত্র রনধীর জয়সোয়াল এ কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেছেন, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত।
রনধীর জয়সোয়াল আরও উল্লেখ করেন যে, প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে ভারত তার অবস্থান ধারাবাহিকভাবে বজায় রেখেছে। এদিকে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশ প্রতিনিধিদলের কোনো বৈঠকের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে তার কাছে বর্তমানে কোনো তথ্য নেই।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর আয়োজনে অনুষ্ঠিতব্য বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে জয়সোয়াল বলেন, এই মহড়ায় অংশগ্রহণকারী সাতটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী চলতি মাসে বাংলাদেশি নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। হাই কমিশন সূত্রে জানা গেছে, গত সপ্তাহে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তিনি পানিসম্পদ মন্ত্রী শফিকুদ্দিন চৌধুরী এ্যানী, প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বিমান সংযোগ ও কার্গো সক্ষমতা বাড়ানোর বিষয়ে বৈঠক করেছেন। এসব বৈঠক ভারত ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধনকে তুলে ধরেছে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২