
ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কী কী কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে, তার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।
বৈঠক শেষে কমিটির সভাপতি গণমাধ্যমকে জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। বৈঠকে উপস্থিত দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, তারা এ বিষয়ে কাজ করছেন। সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দিয়েছে এবং মন্ত্রণালয়কে তাদের উদ্যোগ ও অগ্রগতির বিষয়ে কমিটিকে নিয়মিত অবহিত করার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামগ্রিক কর্মপদ্ধতি নিয়েও আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি দেশের সাথে অংশীদারিত্ব বজায় রাখার নীতি, অর্থাৎ 'বাংলাদেশ ফার্স্ট' নীতির বিষয়টি বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়েছে।
এছাড়া সভায় অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিগত দিনে কর্মী পাঠানোর ক্ষেত্রে পদ্ধতিগত দুর্বলতা ও যাচাই-বাছাইয়ের ঘাটতির কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রবাসী কর্মীদের নথিপত্র যথাযথ সত্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাইকৃত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো 'মাইগ্রেশন উইং' চালুর বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি, দালালদের প্রতারণা রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতির বিষয়টিও পর্যালোচনা করা হয় এবং আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করেছে কমিটি। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মোঃ আমানউল্লাহ আমান (এমপি), এস কে আজিজুল বারী (এমপি), এ বি এম মোশাররফ হোসেন (এমপি) এবং সানজিদা ইসলাম (এমপি) উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২