
বিশ্বজুড়ে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। ২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে এই দিবসটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০০৮ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এটি পালন করা হচ্ছে। মূলত ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) গণতন্ত্রের নীতি, উপাদান ও অনুশীলনের ওপর একটি ‘সর্বজনীন ঘোষণা’ গ্রহণ করেছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বিশ্বে গণতন্ত্রের অবস্থান পুনর্মূল্যায়নের জন্য জাতিসংঘ ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে নির্ধারণ করে।
গণতন্ত্র দিবসের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো, রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এই দিবসের অন্যতম উদ্দেশ্য। এছাড়া স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখাকেও গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই দিবসটি গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা ও আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি দেওয়াকে সমর্থন করে। তিনি আরও বলেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হন।
বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যে এই দিবসটি উদযাপন করা হয়। গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি এই দিনে গভীর শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২