
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনায় মোট ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের চিকিৎসার জন্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার সকাল ১০টায় পাঠদান শুরুর প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এরপর দ্রুতই অন্যান্য শ্রেণিকক্ষের আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, যাদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত ২১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের তালিকায় রয়েছে সুমাইয়া (১৪), রিহান (১২), সাকিব (১২), ছায়েম (১৩), আরক দেবী (১৪), আরাফাত হোসেন (১৪), লাইজু (১৩), ঐশী (১৩) ও ফরিদা আক্তার (১৩)।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আশ্চার্য জানান, দুপুর ২টা পর্যন্ত ২১ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের সবাইকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে আসা এক অভিভাবক এবং হাসপাতালের একজন স্টাফও অসুস্থ হয়ে পড়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানিয়েছেন, বর্তমানে সব শিক্ষার্থী আশঙ্কামুক্ত। তিনি আরও জানান, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ভাষ্যমতে শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ পাওয়ার বিষয়টি জানা গেছে। তবে ঠিক কী কারণে শিক্ষার্থীরা এভাবে অসুস্থ বা অজ্ঞান হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ঝাঁজালো গন্ধে ১৬ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২