
খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে মো. জলিল মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুলিবাগান বটতলার অদূরে এই ঘটনা ঘটে। নিহত জলিল স্থানীয় ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিলুর মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দৌলতপুরের কুলিবাগান এলাকায় জলিলের বাবার একটি পানের দোকান রয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি ওই দোকানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলার সময় কারও সঙ্গে তাঁর তর্কাতর্কি হতে দেখা যায়।
এর কিছুক্ষণ পর কুলিবাগান বটতলা থেকে কিছুটা দূরে একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির সঙ্গে জলিলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই তিনজনের মধ্যে একজন জলিলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। গুলি দুটির একটি তাঁর বুকের ডান পাশে এবং অন্যটি পিঠের বাম পাশে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। ওই সময় পুলিশের একটি টহল দল হামলাকারীদের ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, খবর পাওয়ার পর পরই তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরে তা সংবাদমাধ্যমকে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২