
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর একযোগে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। মিছিল চলাকালে কয়েকটি স্থানে পুলিশের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঝটিকা মিছিল ও মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার বা আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কের কেএফসি’র গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা চালান। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০) নামে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। এছাড়া, ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
ঢাকার বাইরে বরিশাল নগরীতে জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। কবি জীবনানন্দ দাশ সড়কের সামনে থেকে ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে মিছিল শুরু করলে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে পাঁচজন এবং পরে আরও দুজনকে আটক করে। কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, নেত্রকোণায় বৃহস্পতিবার সকালে জেলা শহরের কালীবাড়ি এলাকায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় গৌরব আহমেদ খানের বাসায় দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, মিছিলের ভিডিওটি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় বৃহস্পতিবার ভোরে ‘হাটহাজারী উপজেলা ছাত্রলীগের’ ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যার ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের নির্দেশে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ হাকিব নয়ন এই মিছিলে নেতৃত্ব দেন বলে জানা গেছে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, মিছিলটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হয়েছিল। এছাড়া, চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকতুল আনাম সোহেলের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে পৃথক মিছিল বের করা হয়।
শরীয়তপুরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবিতে মহাসড়ক আটকে ঝটিকা মিছিল করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের কারণে প্রায় ২০ থেকে ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এছাড়া পিরোজপুর শহর, নোয়াখালীর মাইজদী প্রধান সড়ক, গাজীপুরের টঙ্গী, বাগেরহাট ও নেত্রকোণায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২