
ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। দেশটির তাইজ শহরের পশ্চিমে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত শহর আল-মাখা (মোখা) নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় দিন ধরে ওই অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের তীব্র লড়াই চলছিল। এই সংঘর্ষের মধ্যেই তাইজের পশ্চিম দিকে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছিল হুতিরা। তাদের মূল লক্ষ্য ছিল আল-মাখা শহর এবং এর সংলগ্ন লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-মাখা শহরটি ইতিমধ্যে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়া বাকি রয়েছে। মাঠ পর্যায়ের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে, সরকারি বাহিনী আল-মাখা থেকে তাদের সব সামরিক ইউনিট সরিয়ে নিয়েছে। তাইজের পশ্চিমাঞ্চলে হুতিদের এই অগ্রযাত্রাকে একটি বড় ও নির্ণায়ক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আল-মাখা শহর দখল হুতিদের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে তারা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ বা প্রতিবন্ধকতা তৈরির ক্ষেত্রে বড় ধরনের সুবিধা পাবে। একই সঙ্গে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অবস্থানরত সরকারি বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রধান সরবরাহ পথ বিচ্ছিন্ন করার সুযোগও তৈরি হবে হুতিদের সামনে। আনুষ্ঠানিকভাবে এই বিজয়ের ঘোষণা এলে ইয়েমেন যুদ্ধে এটি হুতিদের একটি অন্যতম বড় কৌশলগত অর্জন হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২