
ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে না পারলেও বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে 'বি' গ্রুপের রানার্সআপ হিসেবে আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন, যার জন্য তিনি খেলেন ৩১টি বল। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৩ এবং নাহিদা আক্তার ১৬ রান করেন। তবে ব্যাটারদের এই ব্যর্থতার সুযোগ নিতে পারেনি আরব আমিরাত। বাংলাদেশের বোলারদের বিধ্বংসী আক্রমণের সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মারুফা আক্তারের তোপের মুখে পড়ে আরব আমিরাত। আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে ইনিংসের চতুর্থ ওভারেই আমিরাত অধিনায়ক ইশা ওঝাকে সাজঘরে পাঠান মারুফা। ঠিক পরের ওভারেই তিনি শিকার করেন সামাইরা ধারনিধারকাকে। মারুফার এই জোড়া আঘাতে পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ১৫ রান তুলতে পারে আমিরাত, বিপরীতে হারায় ২ উইকেট। অল্প রান ডিফেন্ড করতে অধিনায়ক জ্যোতি প্রথম ১০ ওভারের মধ্যেই মারুফার ৪ ওভারের কোটা শেষ করান। যেখানে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার।
পাওয়ার প্লের পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। দলীয় ২২ রানে রিনিথা রাজিথের উইকেট তুলে নেন রাবেয়া খাতুন। এরপর তীর্থ সাথিস ও হিনা মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪ বলে ১১ রান করা তীর্থকে ফিরিয়ে ১৪ রানের এই জুটি ভাঙেন সুলতানা খাতুন।
এরপর মাত্র ২ রানের ব্যবধানে লাবন্য কেনিকে সাজঘরে পাঠান নাহিদা আক্তার। দলীয় ৫৬ রানে হেনা আউট হওয়ার পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আমিরাত। হেনা ১৯ বলে ২টি চারের সাহায্যে ১৮ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খাতুন, তিনি ১৪ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট। এছাড়া নাহিদা আক্তার নেন ২টি উইকেট। বোলারদের এমন সম্মিলিত ও নিয়ন্ত্রিত বোলিংয়ের কল্যাণেই শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২