
শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও চাকরির প্রস্তুতির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জব কর্নার-২’ চালু করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এই কর্নারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যেকোনো ভালো উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে। তিনি বলেন, ‘জব কর্নার একটি ভালো উদ্যোগ এবং আমরা এটি সম্প্রসারিত করতে চাই।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্য বলেন, ৪৪তম বিসিএস থেকে শুরু করে ৫০তম বিসিএস পর্যন্ত পিএসসির মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত থাকলেও সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে তিনি পাননি। অন্যান্য কলেজের শিক্ষার্থীদের তুলনায় এই শূন্যতা তার জন্য অত্যন্ত কষ্টের ও আফসোসের বিষয় বলে তিনি উল্লেখ করেন।
অতীতের গৌরবময় সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, এক সময় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতিবছর প্রায় ১০০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে জায়গা করে নিতে পারতেন। বর্তমানে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, তার কারণ উদ্ঘাটন এবং উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা আবারও সেই গৌরবময় অবস্থানে ফিরে আসবে।
উপাচার্য আরও জানান, খুব দ্রুতই ‘জব কর্নার-৩’ উদ্বোধন করা হবে। এছাড়া ক্যাম্পাসে ইন্টারনেটের পর্যাপ্ত সুবিধার যে দাবি শিক্ষার্থীরা জানিয়েছে, তা বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ। এছাড়া ছাত্রদল ও শিবিরের নেতৃবৃন্দ এবং চাকরির প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২