
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যকারিতা, কর্মক্ষমতা এবং কারিগরি তথ্য বিশ্লেষণের প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ গণনা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় সোমবার, ৭ সেপ্টেম্বর। বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার রোসেনেরগোঅ্যাটমের বাংলাদেশ শাখার পরিচালক সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ। সভাপতিত্ব করেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান। স্বাগত বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. ইয়ামিন আলী।
সভাপতির বক্তব্যে ড. মো. জাহেদুল হাছান উল্লেখ করেন যে, আধুনিক বিদ্যুৎকেন্দ্রের সামগ্রিক উৎপাদন কার্যকারিতা বিভিন্ন পরিচালনাগত, কারিগরি ও অর্থনৈতিক সূচকের ওপর নির্ভরশীল। তিনি বলেন, সিস্টেম, ইকুইপমেন্ট ও অপারেশনাল প্যারামিটারের যেকোনো পরিবর্তন বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রভাব ফেলে। কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ নিয়মিত গণনা ও বিশ্লেষণের মাধ্যমে এই প্রভাবগুলো তথ্যভিত্তিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলী ও কর্মকর্তারা বিদ্যুৎ উৎপাদন ইউনিটের কর্মক্ষমতা এবং অপারেশনাল অবস্থার মধ্যকার সম্পর্ক বিশ্লেষণে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
প্রধান অতিথি সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ প্রশিক্ষণার্থীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট দিমিত্রি কজলভ, মো. গোলাম শাহিনুর ইসলাম, মো. ওয়াজিহুর রহমান, মো. মিজানুর রহমান, ডেপুটি ডিরেক্টর মুশফিকা আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার ইরতিয়াজ মাহমুদ এবং ব্যবস্থাপক মো. সোলায়মানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোডাকশন অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্টের প্রধান রাজু আহম্মেদ। বক্তারা আশা ব্যক্ত করেন যে, এই উদ্যোগটি বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা পর্যবেক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২